২৯ নভেম্বর : অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও)-র ৪র্থ সর্বভারতীয় যুব সম্মেলন ২৭ থেকে ২৯ নভেম্বর জয়পুরের রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়। দেশের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সহস্রাধিক যুব প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জেএনইউ-এর প্রাক্তন অধ্যাপক প্রফেসর অরুণ কুমার। তাঁর উদ্বোধনী ভাষণে তিনি বলেন, দেশের যুবসমাজ ভয়াবহ বেকারত্বের সমস্যার সম্মুখীন। এর বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি যুবদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই মহতী সমাবেশ তাঁকে আশা জুগিয়েছে।

এসইউসিআই (কমিউনিস্ট)-দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ কুমার সিং প্রকাশ্য সমাবেশে মূখ্য বক্তার ভাষণে বলেন- পুঁজিবাদ-সাম্রাজ্যবাদই সমাজের সমস্ত অশুভের মূল কারণ। তিনি বলেন, ভারতের জনগণ, বিশেষ করে যুবসমাজ, তাদের আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। বিশ্বের অন্যান্য দেশেও যুবকরা শাসকদের বিরুদ্ধে লড়াই করছে। তিনি আরও বলেন কেবল একটি স্বৈরাচারী সরকারকে বদলে দিলেই মৌলিক দাবি আদায় করা যাবে না, সঠিক মতাদর্শ ছাড়া এই আন্দোলনগুলি সফল হতে পারবে না।

নেপালের ‘রাজনৈতিক সংবাদ থলনি’ থেকে আগত ভ্রাতৃপ্রতিম প্রতিনিধি কমরেড সঙ্গীত তাঁর ভাষণে সমাজের আমূল পরিবর্তনের জন্য বিপ্লবী যুব আন্দোলনের উপর জোর দেন। শ্রীলঙ্কা, তুরস্ক, বাংলাদেশ ও আর্জেন্টিনার ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলি থেকে প্রেরিত সংহতি বার্তা পাঠ করা হয়।
এআইডিওয়াইও-র সাধারণ সম্পাদক অমরজিৎ কুমার সারা দেশজুড়ে শক্তিশালী যুব আন্দোলনের ডাক দেন। অভ্যর্থনা কমিটির বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রখ্যাত আইনজীবী পিকে শর্মা এবং শ্রীরামস্বরূপ সাইনি অবিচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য যুবকদের অভিনন্দন জানান। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র সভাপতি নিরঞ্জন নস্কর।

একটি বিশেষ অধিবেশনে ডিওয়াইএফআই, এআইওয়াইএফ এবং আরওয়াইএ-র সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন, যাঁরা দেশজোড়া ঐক্যবদ্ধ যুব আন্দোলনের উপর জোর দেন।
প্রতিনিধি অধিবেশন ২৮ নভেম্বর শুরু হয় এবং ২৯ নভেম্বর দুপুর পর্যন্ত চলে। এতে মলয় পালকে সভাপতি এবং অমরজিৎ কুমারকে সাধারণ সম্পাদক করে ৮৮ সদস্যের সর্বভারতীয় কমিটি গঠন করা হয়।

এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এবং পলিটব্যুরোর অন্যতম সদস্য চণ্ডীদাস ভট্টাচার্য প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁরা সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণের বিরুদ্ধে উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে লড়াই – সংগ্রাম এবং যুবআন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।
গান, কবিতা আবৃত্তি, নৃত্য, নৃত্যনাট্য এবং মহান ব্যক্তিত্বদের জীবন নিয়ে স্বল্পদৈর্ঘ্য নাটকের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসাহের সঙ্গে পরিবেশিত হয়।
বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম, মদ ও মাদকের বিস্তার এবং নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে দেশব্যাপী যুব আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এই ৪র্থ সর্বভারতীয় সম্মেলন সম্পন্ন হয়।



