বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : প্রয়াত কল্যাণকুমার চক্রবর্তীর স্মৃতিতে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোনাই ক্লাব হলে শুরু হয়েছে দাবা প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র—এই দুই বিভাগে মোট ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

এর মধ্যে জুনিয়র বিভাগে ১৫ জন এবং সিনিয়র বিভাগে ২০ জন প্রতিযোগী রয়েছেন। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নিজেদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও কৌশলের পরিচয় দিচ্ছেন প্রতিযোগীরা।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ব্যাটারান আজমল হোসেন লস্কর। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে, জুনিয়র বিভাগের ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে শুভাজ্ঞা সিংহ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে অমরিতা সিংহ ও মনোজকুমার সিংহ। সান্ত্বনা পুরস্কার পেয়েছে বিদিতা কর্মকার।

আগামীকাল, ২৯ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কামাল উদ্দিন মজুমদার, অরিজিৎ গুপ্ত ও শঙ্কু দাসসহ সংস্থার কর্মকর্তাদের।
উল্লেখ্য, এবার নিয়ে তৃতীয়বারের মতো এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুই বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। প্রতিটি পুরস্কারই প্রয়াত কল্যাণকুমার চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে প্রদান করা হবে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে দাবাপ্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



