তারাপুর শিববাড়ি সড়কে বেহাল দশা, চরম ভোগান্তি

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : তারাপুর শিববাড়ি সড়কের নির্মাণকাজ চললেও এলাকায় যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাস্তার বেহাল অবস্থার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কোনও যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, বাইক ও অটোরিকশা তো দূরের কথা, জরুরি পরিষেবার গাড়ি—অ্যাম্বুলেন্সও এলাকায় প্রবেশ করতে পারছে না। ফলে অসুস্থ ও প্রবীণদের জন্য পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। বাইক, স্কুটি, অটো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।

এদিকে, সমস্যার দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। তাঁদের স্পষ্ট বক্তব্য, আগামী ১০ দিনের মধ্যে রাস্তার অবস্থা উন্নত না হলে তারা পথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এর জন্য জেলা প্রশাসন ও পূর্ত বিভাগকেই দায়ী করা হবে বলে জানানো হয়েছে। এলাকাবাসীর একমাত্র দাবি—অবিলম্বে রাস্তা নির্মাণ সম্পূর্ণ করে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা পুনরুদ্ধার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *