কাটিগড়ায় স্কুলে শিশুর মৃত্যু ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসও’র গভীর

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মে : কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক একরত্তি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন  এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর এই ধরণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং অনভিপ্রেত। এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এআইডিএসও-র কাছাড় জেলা সম্পাদক স্বপন চৌধুরী এক বিবৃতিতে বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে শিশুর এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি জানাচ্ছি, প্রশাসন যেন অবিলম্বে এই ঘটনার একটি উচ্চপর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করে। যদি এই মৃত্যুর পিছনে স্কুল কর্তৃপক্ষের কোনও গাফিলতি বা অন্য কোনও কারণ থাকে, তবে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, বর্তমানে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীদের নূন্যতম নিরাপত্তার বিষয়টি অবহেলিত থাকছে। এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের উচিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *