কাটিগড়ার সিদ্ধিপুরে ঘোলা পানীয়জল নিয়ে ক্ষোভ, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ, সংশ্লিষ্ট বিভাগের নীরবতা

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই
: কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধিপুর জল প্রকল্প থেকে কয়েক দিন ধরে সরবরাহ করা পানীয়জলের মান নিয়ে এলাকাজুড়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, নদী থেকে সংগৃহীত জল যথাযথভাবে পরিশোধন না করেই সরাসরি সরবরাহ করা হচ্ছে। ফলে প্রকল্পের আওতাভুক্ত হাজারো মানুষ বাধ্য হয়ে ঘোলা ও অপরিশোধিত জল ব্যবহার করছেন, যা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, নলকূপের মাধ্যমে সরবরাহিত জল এতটাই ময়লাযুক্ত যে তা পান করা তো দূরের কথা, দৈনন্দিন গৃহস্থালির কাজেও ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে বিভিন্ন জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বাসিন্দারা।

বৃহস্পতিবার এলাকার বাসিন্দা আকিল উদ্দিন, রামেন্দ্রচন্দ্র দাস, আব্দুল মন্নান, আব্দুল বাসিত, হাবিজ উদ্দিন বড়লস্কর এবং জলমিত্র হোসেন আহমদ বড়লস্কর সহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নিম্নমানের জল সরবরাহ করা হলেও সংশ্লিষ্ট বিভাগ কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বারবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

এদিকে, প্রকল্পের সঙ্গে যুক্ত অপর জল মিত্র মস্তুফা আহমদ বড়লস্কর জানান, জল পরিশোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী জল পরিশোধন সম্ভব হচ্ছে না এবং তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।

অভিযোগ উঠেছে, জল পরিশোধনে ব্যবহৃত প্রয়োজনীয় রাসায়নিকের সরবরাহেও ঘাটতি রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সরবরাহ করা হচ্ছে না। আবার যে পরিমাণ সরবরাহ করা হচ্ছে, সেটিও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

অন্যদিকে, এ বিষয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কর্মকর্তা এল. শুরেন্দ্রলাল সিংহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নীরবতা ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়দের বক্তব্য, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। অথচ সিদ্ধিপুর পানীয় জল প্রকল্পে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, প্রয়োজনীয় উপকরণের সংকট এবং প্রশাসনিক উদাসীনতার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকি নিয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে জল পরিশোধনের রাসায়নিক সরবরাহ, প্রকল্পের কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *