বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মসজিদের পুকুরে কীটনাশক জাতীয় পদার্থ ঢেলে প্রায় ১০ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কদমতলা বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে কদমতলা বাজার মসজিদের পুকুরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মসজিদ কমিটির।
রবিবার সকালে মসজিদ কমিটির সদস্যরা পুকুরে গিয়ে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। তাঁদের অভিযোগ, পুকুরের জলে কীটনাশক জাতীয় পদার্থ মেশানোর ফলেই মাছগুলির মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে।
ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় নৈশপ্রহরী ও পুলিশের রাতের টহল থাকা সত্ত্বেও সম্প্রতি একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যেই একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুরে এ ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে, মৃত ও পচনশীল মাছ যাতে পরিবেশের ক্ষতি না করে কিংবা কেউ সেগুলি ব্যবহার না করতে পারে, সেজন্য মসজিদ কমিটির সদস্যরা পুকুর থেকে মাছ তুলে পুকুরপাড়ে গর্ত করে পুঁতে দেন।
মসজিদ কমিটির সদস্যদের দাবি, ঘটনার সময় কাউকে দেখতে পাওয়া যায়নি। তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মসজিদ কমিটি।
স্থানীয়দের অভিযোগ, শান্তিপ্রিয় কদমতলা এলাকায় কিছুদিন পরপর দুষ্কৃতীদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কারণে পরিবেশ অশান্ত হয়ে উঠছে। তাঁদের আশঙ্কা, প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এলাকায় শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। তবে মসজিদের পুকুরে কীটনাশক ঢালার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।



