ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণ কোরিয়ার

Spread the news

১৭ আগস্ট : ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিউল। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প জানান, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি।

ট্রাম্প তার পোস্টে ওই কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হতে চান কি না। জবাবে সিউল ‘ধন্যবাদ, না’ বলে জানিয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের চাপ আরও জোরালো হয়েছে।

তবে দক্ষিণ কোরিয়া ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সিউলের অবস্থানে কিছুটা দূরত্বের বিষয়টি সামনে এসেছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *