বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : চা শ্রমিকদের সামাজিক ও দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাতলা মণ্ডলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক নতুন ধূপঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার চাতলা মণ্ডলের বিভিন্ন জিপি এলাকায় একাধিক ধূপঘরের শিলান্যাস করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ।
এদিন ভরাখাই-গুঙ্গুর জিপির ভরাখাই চা বাগানের বনদুর্গা মন্দির সংলগ্ন এলাকায় একটি নতুন ধূপঘরের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে ভরাখাই চা বাগানের ম্যানেজার ওমপ্রকাশ সিং উপস্থিত ছিলেন। পাশাপাশি চাতলা-দুর্গাকোণা জিপির দুর্গাকোণা চা বাগান ও চরাবাড়ি চা বাগানেও নতুন ধূপঘরের শিলান্যাস করা হয়। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও জহিরুল হাজরিকা, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, চাতলা মণ্ডল সভাপতি মানব সিং, ভরাখাই চা বাগানের ম্যানেজার ওমপ্রকাশ সিং-সহ দলীয় কর্মকর্তারা।
শিলান্যাসের পর বিধায়ক কিশোর নাথ চা শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বিধায়ক কিশোর নাথ বলেন, চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। CSAY-এর মাধ্যমে চা বাগান এলাকার মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। নতুন ধূপঘরগুলি নির্মিত হলে সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।



