বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : লংথরাইভ্যালিতে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। কংক্রিট বোঝাই একটি টিপার বেইলি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই মাঝপথে ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে প্রায় ৩০ ফুট নিচে গিয়ে পড়ে গাড়িটি। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান টিপারের চালক। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, লালছড়া থেকে লবণছড়ার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। কংক্রিট বোঝাই টিপারটি সেতুর উপর উঠতেই হঠাৎ সেতুর কাঠামো ভেঙে পড়ে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টিপারটি সেতুর সঙ্গে নিচে পড়ে যায়। দুর্ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, সংশ্লিষ্ট সেতুটিতে সর্বোচ্চ ৮ টন ওজন বহনের নির্দেশ রয়েছে বলে জানা গেছে। তা সত্ত্বেও কীভাবে অতিরিক্ত বোঝাই ভারি যানবাহন ওই সেতুর উপর দিয়ে চলাচল করছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেতুর বহনক্ষমতা সম্পর্কে নির্দেশিকা থাকা সত্ত্বেও তা যথাযথভাবে কার্যকর করা হচ্ছিল কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
উল্লেখ্য, সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে মনু পূর্ত দফতর (PWD)। দীর্ঘদিন ধরে সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা হয়েছিল কি না, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়েছে, নাকি সেতুর কাঠামোগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের অভাব এর জন্য দায়ী, তা খতিয়ে দেখা জরুরি। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য অবিলম্বে সেতুটির অবস্থা পরীক্ষা, ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি উঠেছে।



