রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় জেলার ধলাই পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮০ কার্টন ভারতীয় তৈরি বিদেশি মদ (IMFL) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খবর আসে একটি ছয় চাকার গাড়িতে করে বিপুল পরিমাণ বিদেশি মদ মিজোরামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে ধলাই থানার সামনে নাকা তল্লাশি পয়েন্টে পুলিশের একটি দল অবস্থান নেয়।
রাত সাড়ে ১০টা নাগাদ সন্দেহভাজন গাড়িটি নাকা পয়েন্টে পৌঁছালে পুলিশ সেটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮০ কার্টুন ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মেঘালয়ে বিক্রির জন্য প্রস্তুত ওই মদ চোরাইপথে মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে এএস-০১-এলসি-২৬২৫ নম্বরের মদবোঝাই ছয় চাকার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কাছাড় জেলার সোনাবাড়িঘাট এলাকার বাসিন্দা গাড়িচালক রিপন আহমদ বড়ভূইয়াকে।
ধলাই থানার অফিসার ইনচার্জ শর্মেশ্বর কুয়োরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার হওয়া মদ ও গাড়ি বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। পাশাপাশি পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।



