দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বড়খলা এমএলএ কাপের শিরোপা জিতল চেঙ্গদুয়ার। বৃহস্পতিবার বড়খলার শ্রীকোণা মাঠে টানটান প্রতিদ্বন্দ্বিতায় মাছঘাট খাসিয়া পুঞ্জিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয় হল চেঙ্গদুয়ার। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে চেঙ্গদুয়ার একটি গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মাছঘাট খাসিয়া পুঞ্জি। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বড়খলা এমএলএ কাপের শিরোপা জিতে নেয় চেঙ্গদুয়ার। রানার্স-আপ হয় মাছঘাট খাসিয়া পুঞ্জি।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ। মাঠে পৌঁছালে আয়োজক কমিটি, খেলোয়াড় এবং দর্শকদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পরে আনুষ্ঠানিক কিক-অফের মাধ্যমে তিনি ফাইনাল ম্যাচের সূচনা করেন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথ চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স-আপ দলের হাতে ৩০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য মাছঘাট জনসাধারণ, কিশোর নাথ ফ্যান্স ক্লাব এবং আয়োজক কমিটিকে অভিনন্দন জানান। স্থানীয়দের মতে, বড়খলার ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট ভবিষ্যতেও তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং একটি স্মরণীয় ক্রীড়া আসর হিসেবে স্থান করে নেবে।
বড়খলা এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে দেখা গেল দর্শকদের উপচে পড়া ভিড়। হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।



