বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : আগামীকাল শনিবার দেশজুড়ে পালিত হবে ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে কাছাড় ও শ্রীভূমি জেলায় শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি। কাছাড় জেলার মূল সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের নগরোন্নয়ন-সহ বিভিন্ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিও অনুষ্ঠিত হবে।
এদিকে, শ্রীভূমি জেলায় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান হবে শহরের সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। সেখানে জাতীয় পতাকা সকাল নয়টায় উত্তোলন করবেন বরাক উপত্যকা উন্নয়ন-সহ বিভিন্ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দান, ধলাই বাজারের পূর্ত বিভাগের মাঠ এবং লক্ষ্মীপুরের আরলি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে বিশেষ বিধিনিষেধ বলবৎ থাকবে। উল্লেখ্য, এই তিনটি স্থানেই স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।
অন্যদিকে, শ্রীভূমিতেও শনিবার দিনভর স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে। এর আগে শুক্রবার জেলায় ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন করা হয়। দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের মানুষের ত্যাগ-তিতিক্ষার স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।



