বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : শিবসাগর জেলার বিহুবর গ্রাম পঞ্চায়েতের প্রজাবস্তি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির অল ইন্ডিয়া কমিটি।
সংগঠনের পক্ষ থেকে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, কলম, ছাতা-সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির আসাম চ্যাপ্টারের আহ্বায়ক পিন্টু দেবনাথ, ত্রিপুরা রাজ্য শাখার অন্যতম সদস্য রাজু আচার্য, কৌশিক দত্ত, পার্থীব দেব এবং স্থানীয় শিক্ষক শিরুমণি ফুকন প্রমুখ।

পিন্টু দেবনাথ জানান, এবারের ভয়াবহ বন্যায় বহু পরিবারের ঘরবাড়ি ও সম্পত্তির পাশাপাশি ছাত্রছাত্রীদের বই, খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রীও নষ্ট হয়ে গেছে। বন্যার কারণে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দু’বেলা খাবারের ব্যবস্থা করাই যেখানে কঠিন হয়ে উঠেছে, সেখানে সন্তানদের জন্য নতুন করে শিক্ষা সামগ্রী কেনা অনেক পরিবারের পক্ষেই সম্ভব নয়।
এই পরিস্থিতির কথা বিবেচনা করেই ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিবসাগর জেলার আরও কয়েকটি বন্যাকবলিত এলাকায় একই ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *