উধারবন্দ বাইপাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত পাঁচ মাইল এলাকার উধারবন্দ বাইপাসে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অভিযানকারী দল। একটি ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে ২ লক্ষ ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট ওজন ২৪.৫৮৯ কিলোগ্রাম বলে জানা গেছে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি তল্লাশি করা হয়। সেই সময় ট্রাকের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মাদক পাচারের অভিযোগে আটক দুই ব্যক্তি হলেন উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা ২৮ বছর বয়সি সচিন তোমর এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ২১ বছর বয়সি রোহিত যাদব।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটি প্রতিবেশী একটি রাজ্য থেকে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্য কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মাদক সরবরাহের উৎস, পাচারের রুট এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *