ভাষাসৈনিক নিশীথরঞ্জন দাসের প্রয়াণে গভীর শোক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : বরাক উপত্যকার বিশিষ্ট ভাষাসৈনিক, প্রাক্তন বিধায়ক, শিক্ষাবিদ ও সাহিত্যিক নিশীথরঞ্জন দাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন পাথারকান্দির বিধায়ক তথা অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এক শোকবার্তায় তিনি প্রয়াত ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রবিবার শ্রীভূমি শহরের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন নিশীথরঞ্জন দাস। তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শোকবার্তায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, ১৯৬১ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে নিশীথরঞ্জন দাসের অগ্রণী ভূমিকা বরাক উপত্যকার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামে তাঁর অবদান আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের পাশাপাশি শিক্ষা ও সাহিত্য জগতেও প্রয়াত নিশীথরঞ্জন দাসের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার প্রসার, সমাজের উন্নয়ন এবং সাহিত্যচর্চার মাধ্যমে তিনি নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবেও জনকল্যাণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

মন্ত্রী বলেন, এমন বহুমুখী প্রতিভাসম্পন্ন ও সমাজমনস্ক ব্যক্তিত্বের প্রয়াণ বরাক উপত্যকার পক্ষে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও অবদান মানুষের স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে। পরিশেষে তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি প্রদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *