ফের কলঙ্কিত উমাকান্ত ময়দান, পুলিশের সামনেই রেফারিকে মারধরে উত্তপ্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : ফের বিতর্কে আগরতলার ঐতিহ্যবাহী উমাকান্ত ময়দান। ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা এবং পরবর্তী সময়ে তাঁকে মারধরের অভিযোগ ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে মাঝপথেই বন্ধ হয়ে যায় ম্যাচ। অভিযোগের তির ব্লাড মাউথ দলের কয়েকজন ফুটবলারের দিকে।

জানা যায়, ম্যাচ চলাকালীন হ্যান্ডবল নিয়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আপত্তি জানায় ব্লাড মাউথের খেলোয়াড়রা। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠের মধ্যেই শুরু হয় প্রতিবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একসময় দলের ফুটবলাররা মাঠ ছেড়ে বেরিয়ে যান।

এরপর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্লাড মাউথ দল মাঠে ফিরে আসেনি। ফলে ম্যাচের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর প্রতিপক্ষ এগিয়ে চল সংঘকে জয়ী ঘোষণা করা হয় বলে জানা গেছে।

অভিযোগ, ম্যাচের সিদ্ধান্ত ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতিতেই কয়েকজন ব্লাড মাউথ ফুটবলার রেফারিকে ঘিরে ধরে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রেফারিকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় উমাকান্ত ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ নতুন নয়। তবে সেই প্রতিবাদ যদি শারীরিক আক্রমণের পর্যায়ে পৌঁছে যায়, তা হলে তা ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে ক্রীড়ামহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *