ধোয়ারবন্দ বাজারে বাড়ি থেকে উদ্ধার ১৩ ফুটের বিশাল কিং কোবরা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : কাছাড়ের ধোয়ারবন্দ বাজার এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ১৩ ফুট দীর্ঘ বিশাল আকৃতির কিং কোবরা। রবিবার এই সাপটি দেখতে পাওয়ার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জানা গেছে, ধোয়ারবন্দ বাজার এলাকার বাসিন্দা রাম কুমারের বাড়িতে হঠাৎ বিশাল আকৃতির সাপটি নজরে আসে। বিষয়টি জানাজানি হতেই বাড়ির পাশাপাশি আশপাশের এলাকায়ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় কাছাড়ের ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রায় ১৩ ফুট দীর্ঘ বিশাল কিং কোবরা দেখতে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। এত বড় আকৃতির সাপ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। উদ্ধারের পর কিং কোবরাটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *