মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ ও এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি এসইউসিআই-র

Spread the news

২৪ সেপ্টেম্বর : গণতান্ত্রিক নীতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ এবং দেশজুড়ে সম্পূর্ণ এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া বন্ধের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)।
দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক প্রেস বিবৃতিতে বলেন, ২৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ এসআইআর সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনের সততা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষ, বিশেষত গণতন্ত্রপ্রেমী মানুষের মধ্যে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

তাঁর দাবি, প্রকাশিত তথ্য অনুযায়ী তিন নির্বাচন কমিশনারের মধ্যে দু’জন এসআইআরের বিভিন্ন দিক নিয়ে তাঁদের আপত্তি নথিভুক্ত করেছিলেন। কিন্তু প্রচলিত আইন ও নিয়ম উপেক্ষা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একতরফাভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এর ফলে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া এবং বিভিন্ন রাজ্যে তাদের নির্বাচনী সাফল্য নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে।

প্রভাস ঘোষ আরও অভিযোগ করেন, এই ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর গুরুতর আঘাত।
এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে এবং সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া বলে দলের দাবি করা প্রায় ১৩ কোটি ভোটারের নাম অবিলম্বে পুনর্বহাল করার দাবিও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *