বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে বৃহস্পতিবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্তগুলি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কৃষি, সরকারি কর্মচারী, স্বনির্ভর গোষ্ঠী, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী, দুর্গাপূজার ছুটি এবং প্রশাসনিক কাজকর্ম ডিজিটাল করার ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক বদলিতে নতুন ব্যবস্থা
রাজ্যে পর্যাপ্ত শিক্ষক থাকলেও বদলির কারণে বহু বিদ্যালয়ে শিক্ষক সংকট তৈরি হয়েছে। তাই একক বদলির পরিবর্তে এবার ‘রিপ্লেসমেন্ট ট্রান্সফার’ ব্যবস্থা চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
বিল ও ফিশারির উন্নয়নে ৭৯৬ কোটি টাকার ঋণ
বিল ও ফিশারির উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাঙ্ক থেকে ৭৯৬ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমোদন দিয়েছে কেবিনেট। এর মধ্যে ৬৩৭ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এবং ১৫৯ কোটি টাকা রাজ্য সরকার বহন করবে।

কৃষকদের জন্য ৫ শতাংশ ভর্তুকি
কৃষকদের ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে রাজ্য সরকার ৫ শতাংশ ভর্তুকি দেবে। কৃষকদের নিজেদের অংশ হিসেবে ৫ শতাংশ পরিশোধ করতে হবে। ফার্মার প্রডিউসার কোম্পানিগুলি ১০ শতাংশ ভর্তুকি পাবে। কৃষি পরিকাঠামোর জন্য বিনামূল্যে আগাম অর্থের সুবিধায় ঋণের ব্যবস্থাও করা হবে।
অক্টোবরে ১০০ টাকায় ভর্তুকিযুক্ত ডাল-চিনি
অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত ডাল ও চিনির দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ১০৫ টাকা দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিনির দাম কমার কারণে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। প্যাকেটে ১০৫ টাকা লেখা থাকলেও সুবিধাভোগীদের কাছ থেকে ১০০ টাকাই নেওয়া হবে।
১৬৬ কর্মচারী পাবেন সরকারি পে-স্কেল
১৬৬ জন কর্মচারীকে সরকারি পে-স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেবিনেট। এতদিন তাঁরা সরকারি পে-স্কেলের সুবিধা পেতেন না।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আধার তৈরির সময়সীমা
স্বনির্ভর গোষ্ঠীর যেসব সুবিধাভোগীর আধার কার্ড নেই, তাঁদের আগামী ৩১ মার্চের মধ্যে আধার কার্ড তৈরি করতে হবে।
পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয়
শ্রীভূমি জেলার পাথারকান্দির প্রতাপগড়ে কৃষি মহাবিদ্যালয় স্থাপনের জন্য ২৫৬ বিঘা জমি অনুমোদন করেছে কেবিনেট।
দুর্গাপূজায় অরুণোদয় সুবিধাভোগীরা পাবেন ১,৫০০ টাকা
দুর্গাপূজা উপলক্ষে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের অক্টোবর মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ATCL-এর বাগান কর্মীদের ২০ শতাংশ বোনাস
দুর্গাপূজার বোনাস হিসেবে Assam Tea Corporation Limited (ATCL)-এর চা-বাগান কর্মীদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। আরও ২৫৯টি বাগানের কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।
১৭ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি
দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার পড়ায় পূজার ছুটি চার দিনে নেমে আসার পরিস্থিতিতে অতিরিক্ত এক দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পূজার ছুটি বেড়ে হবে পাঁচ দিন।
উলুবাড়িতে স্পাইস বোর্ডের পরীক্ষাগার
গুয়াহাটির উলুবাড়িতে স্পাইস বোর্ডের একটি পরীক্ষাগার স্থাপনের অনুমোদন দিয়েছে কেবিনেট। এর ফলে মশলার মান পরীক্ষা অসমেই করা সম্ভব হবে।
JK Lakshmi Cement-এর ১১ হাজার কোটি টাকার বিনিয়োগ
JK Lakshmi Cement অসমে প্রায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে কেবিনেটে জানানো হয়েছে। উমরাংছোতে একটি মূল সিমেন্ট কারখানা এবং রাজ্যের বিভিন্ন স্থানে আরও চারটি ছোট কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য
নির্বাচন কমিশন সংক্রান্ত সাম্প্রতিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় বিভিন্ন মত থাকতে পারে এবং শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে ‘সেন্সেশন ক্রিয়েট’ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নভেম্বরের মধ্যে মিসিং ও সোনোয়াল কছারি পরিষদের নির্বাচন
মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ এবং সোনোয়াল কছারি স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন নভেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই পরিষদের নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে না।
সমস্ত সরকারি কাজ ‘ই-অফিস’-এর মাধ্যমে
প্রশাসনিক কাজ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ‘ই-অফিস’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সমস্ত বিভাগের কাজের জন্য একটি সফটওয়্যার ব্যবহার করা হবে। এর মাধ্যমে সরকারি ফাইলের কাজ অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।



