নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে সজোরে ধাক্কা, একই পরিবারের ৬ জনের মৃত্যু

Spread the news

৯ নভেম্বর : উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি লাইট পোস্টে সজোরে ধাক্কা মারে দ্রুতগতির একটি গাড়ি। সংঘর্ষের অভিঘাতে মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসার সুযোগও পাননি। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে গাড়ির ছ’জন আরোহীর। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকেই হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা।

জানা গিয়েছে, সোমবার সকালে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলার পানিপথ-খাটিমা জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, জগাহেরি এলাকার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। এর পরে রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের পরেই CNG গাড়িটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। গাড়িতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের বলে সংবাদ সংস্থা সূত্রে দাবি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ছুটে আসেন স্থানীয়রাও। কিন্তু কেউ কোনও সাহায্যের হাত বাড়ানোর আগেই ততক্ষণে সব শেষ। আগুন নিভিয়ে গাড়ির ভিতরে থাকা ছ’জনেরই দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মধ্যে ১০ থেকে ১২ বছর বয়সি এক শিশুও রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পুলিশ আপাতত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করা এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কী ভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা নাকি গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, স্থানীয়দের একাংশের মতে, গাড়িটি রাস্তার লাইট পোস্টে ধাক্কা মারার পরে খুঁটিটি উপড়ে গাড়ির উপর পড়ে যায়। তার জেরেই গাড়িটিতে আগুন ধরে যায়। এই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষা করে দেখা হচ্ছে দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *