৯ নভেম্বর : ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা থেকে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে নতুন পাসপোর্ট না দিয়ে প্রত্যর্পণের মাধ্যমে ফেরত পাঠানোর দাবি জোরদার করেছে বাংলাদেশ সরকার।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিরোধিতা করে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (Humayun Kabir) জানিয়েছেন, হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন যে শেখ হাসিনা একজন পলাতক এবং তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরত আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের দায়ে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগও বাংলাদেশে নিষিদ্ধ। এদিকে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন উদ্ধৃত করে জানা গেছে, লন্ডনের আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স (Matrix Chambers)-এর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, শেখ হাসিনার পূর্ববর্তী নথিপত্র বাতিল হওয়ায় বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে তাঁকে যেন দ্রুত নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়া হয়। ২০২৪ সালের আগস্ট মাসে গণআন্দোলনের মুখে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম প্রাতিষ্ঠানিক যোগাযোগ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।



