বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৩

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : চারলেন সড়ক নির্মাণের কাজে বিদ্যুৎ লাইন সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শুক্রবার দুপুর ১টার দিকে ঘটেছে মিজোরামের কলাসিব অঞ্চলে। স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, একটি কোম্পানির অধীনে কাজ করা ছয় শ্রমিক এলটি (LT) লাইনের কাজ করছিলেন। সেই সময় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কাজ করতে গিয়ে ভুলবশত ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসেন তাঁরা।

মৃতদের মধ্যে রয়েছেন লালরিনাওমা (১৮), ভাওংগাউনজোর বাসিন্দা ও রিনাওমার ছেলে; লালরুয়াতফেলা (২০), থিংপুইকুলের ছেলে এবং মণিপুরের বাসিন্দা; এবং থিয়ানহুমহিম (১৬), ফাইকাউই, বার্মার বাসিন্দা।

আহত তিন শ্রমিককে কলাসিব জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট তিন শ্রমিককেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *