জেলিয়াংরং ভূমি রক্ষায় প্রাণ উৎসর্গ দুই যোদ্ধার, শোকপ্রকাশ জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর :।জেলিয়াংরং ভূমি রক্ষার লড়াইয়ে প্রাণ হারানো দুই যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট। মণিপিরের ননে ডিলুংয়ে অবস্থিত সংগঠনের কাউন্সিল সদর দফতর থেকে জারি করা এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মাতৃভূমির সুরক্ষায় দুই যোদ্ধার সর্বোচ্চ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিহত দুই যোদ্ধা হলেন লুংলেই গ্রামের গাইগুয়াংপৌর পুত্র কর্পোরাল মেইজিয়ানথুই থাইমেই এবং লুয়াংচুম গ্রামের প্রথম অংশের দুয়ানদাইলুং কামসনের পুত্র ল্যান্স কর্পোরাল গেইনিংগাম কামসন। তাঁদের সাহসী যোদ্ধা হিসেবে উল্লেখ করে সংগঠন জানিয়েছে, কর্তব্য পালনে তাঁরা ছিলেন অবিচল এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের জনগণের প্রতি অনুগত ছিলেন।

ফ্রন্টের বিবৃতি অনুযায়ী, গত ৪ নভেম্বর মণিপুরের ননি জেলার তাওদাইজাং গ্রামে এই দুই যোদ্ধা প্রাণ হারান। জেলিয়াংরং ভূমিকে গুরুতর বিপদের হাত থেকে রক্ষা করার সময় তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সংগঠনের দাবি, এনএসসিএন-আইএম, এনএসসিএন-কে নিকি সুমি গোষ্ঠী এবং কামসন গ্যাংয়ের যৌথ অভিযানে এই হামলার ঘটনা ঘটে।

দুই যোদ্ধার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশাত্মবোধক অভিবাদন জানিয়েছে জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট। বিবৃতিতে বলা হয়েছে, চরম বিপদের মুখেও তাঁরা অসীম সাহসিকতা ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছেন। জেলিয়াংরং জনগণের স্বার্থ ও ভূমি রক্ষায় তাঁদের সাহস, নিষ্ঠা এবং আত্মত্যাগ চিরকাল মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *