দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রাধারানি রবিদাসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ইটখলা ইঅ্যান্ডডি বাঁধ এলাকায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন মালুগ্রাম-রংপুর মণ্ডলের সভাপতি পুলক দাস। সঙ্গে ছিলেন মণ্ডলের সহ-সভাপতি গীতনাথ, সম্পাদিকা মুন্নি দে, পরিচালনা কমিটির সভাপতি বাপ্পা দাস ও প্রভারি রাহুল বাউরীসহ দলীয় নেতৃত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলক দাস বলেন, আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়ী করে বোর্ড গঠন করাই দলের লক্ষ্য। তিনি দলীয় কর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের সমস্যার কথা শোনার আহ্বান জানান। তাঁর দাবি, নিবিড় জনসংযোগের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডে রাধারানি রবিদাসের জয় নিশ্চিত করা সম্ভব হবে।
বিজেপি প্রার্থী রাধারানি রবিদাস বলেন, নির্বাচনের আগে তিনি নিয়মিত ওয়ার্ডের ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। নির্বাচিত হলে ওয়ার্ডের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনোজকুমার দাস, বিশ্বজিৎ সাহা, অরুণ বিশ্বাস, শক্তিকেন্দ্র প্রমুখ মনমোহন রবিদাস, হরিদাস রায়সহ দলের অন্যান্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।



