মধুরাঘাট আরসিসি সেতুর নির্মাণে গতি, শুরু জমি অধিগ্রহণ ও উচ্ছেদ অভিযান

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরাক নদীর ওপর প্রস্তাবিত মধুরাঘাট আরসিসি সেতুর নির্মাণকাজে গতি আনতে শুরু হয়েছে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ প্রক্রিয়া। সেতুটির মূল ভিত্তির কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে বুধবার ধুতপাতিল প্রান্তে অধিগৃহীত জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই উচ্ছেদ অভিযান। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন এডিসি ডেভিড বরা, শিলচর সদর সার্কেলের সার্কেল অফিসার অর্ণব বরুয়া, ভূমি রাজস্ব বিভাগের কর্মীরা, এপিডিসিএল-এর প্রতিনিধিরা এবং পিডব্লিউডি শিলচর-উধারবন্দ আঞ্চলিক কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সেতুর ফাউন্ডেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জমি সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় এবার সেতুটির মূল ভিত্তি নির্মাণের কাজও দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF)-এর অর্থায়নে শিলচরের গান্ধীঘাট ও মধুরাঘাটকে সংযুক্ত করতে বরাক নদীর ওপর এই আরসিসি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। জমি অধিগ্রহণ ও উচ্ছেদ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ায় শীঘ্রই সেতুটির মূল ভিত্তি নির্মাণসহ পরবর্তী কাজ পুরোদমে শুরু হবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে। সেতুটি নির্মিত হলে শিলচর ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *