৩০ জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ কী হবে, জানালেন মন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ জুন : ৩০ জনের কম শিক্ষার্থী থাকলেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। তিনি বলেন, ৩০ জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাবে এমন খবর সম্পূর্ণ ভুয়া। বর্তমানে এ বিষয়ে একটি সমীক্ষা চলছে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি ৩০ জনের কম শিক্ষার্থী থাকা তিনটি বিদ্যালয় থাকে, তাহলে সেসব বিদ্যালয় একীভূত বা বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনো এলাকায় যদি মাত্র একটি বিদ্যালয় থাকে এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৩০-এর কম হয়, তাহলে সেই বিদ্যালয় বন্ধ করা হবে না।।এদিকে, দুর্গম ও পাহাড়ি অঞ্চলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তাদের থাকার সুবিধার্থে কোয়ার্টার বা হোস্টেল নির্মাণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

কামরূপ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের উদাহরণ তুলে ধরে ডাঃ রণোজ পেগু বলেন, এ বিষয়ে নবগঠিত কার্বি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদের সঙ্গে আলোচনা করা হবে।

শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে কতগুলি পদ শূন্য রয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *