১৮ জুন : বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করল কলম্বিয়া। বৃহস্পতিবার মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। এর আগে লুইস দিয়াজের একটি শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৪০ মিনিটে সেই দিয়াজের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনিয়োজ।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফাবিও কানাভারোর শিষ্যরা। ৬০ মিনিটে আব্বোসবেক ফায়জুলায়েভের হেডে সমতায় ফেরে উজবেকিস্তান। গোলের সূচনায় গোলরক্ষক কামিলো ভার্গাস গুসতাভো পুয়ের্তার শট ঠেকালেও ফিরতি আক্রমণ থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ফায়জুলায়েভ। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এশিয়ার দলটি। লুইস দিয়াজের নেওয়া শট ঠেকাতে গিয়ে ভুল করেন গোলরক্ষক উতকির ইউসুপভ। তার দুই হাতে লেগেও বল জালে জড়িয়ে গেলে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। শেষ দিকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল উজবেকিস্তান। ৯০ মিনিটে আকমল মজগোভয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতার সম্ভাবনা শেষ হয়ে যায়।
এরপর যোগ করা সময়ের নয় মিনিটে বদলি খেলোয়াড় জামিন্তন কামপাজ হেড থেকে দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ৩-১ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখল কলম্বিয়া।



