মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৮ জুন : শিলচর-জয়ন্তিয়া সড়কের দ্রুত সংস্কারের দাবিতে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছেন বড়খলা মডেল কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার আন্দোলনে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বড়খলা ও কাটিগড়া এলাকার মানুষের জন্য শিলচর-জয়ন্তিয়া সড়ক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও বছরের পর বছর ধরে এর সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

সত্যাগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানান। তাঁদের বক্তব্য, বহুবার দাবি উত্থাপন করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, শিলচর-জয়ন্তিয়া সড়কের সংস্কার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে তারা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।



