বরাক তরঙ্গ, ১৭ জুন : মিজোরামের একটি আদালত ২০১৭ সালের এক গণধর্ষণ ও অ্যাসিড হামলা মামলায় দোষী সাব্যস্ত হওয়া দুই জন সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) জওয়ানকে মোট ৪২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার আইজলের অতিরিক্ত জেলা ও সেশনস বিচারক সিলভি জোমুয়ানপুই রালতে এই সাজা ঘোষণা করেন। এর আগে ১২ জুন অভিযুক্ত নীলাঞ্জন দাস এবং দিনেশ কুমারকে ভারতীয় দণ্ডবিধির (IPC) বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ভুক্তভোগী মহিলার সঙ্গীকে হত্যার অভিযোগ থেকে তাঁদের খালাস দেওয়া হয়েছে।
আদালতের রায় অনুযায়ী, দুই দোষীকে গণধর্ষণের অপরাধে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, গুরুতর শারীরিক ক্ষতি সাধন করে ধর্ষণের অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অ্যাসিড হামলার জন্য ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, এই সাজাগুলি ধারাবাহিকভাবে (consecutively) কার্যকর হবে। ফলে প্রত্যেকের মোট কারাদণ্ডের মেয়াদ দাঁড়িয়েছে ৪২ বছর।
এছাড়াও তিনটি অপরাধের জন্য প্রত্যেক অভিযুক্তের উপর মোট ৬০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রতিটি অভিযোগের জন্য অতিরিক্ত দুই মাস করে কারাভোগ করতে হবে।
২০১৭ সালে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযোগ ছিল, এক মহিলাকে গণধর্ষণের পর তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়, যাতে তিনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হন। ঘটনার পর তদন্ত শুরু হয় এবং অভিযুক্ত বিএসএফ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।



