বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে শিলচরের ডকবাংলা প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী এক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সন রীণা সিংহ, ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নিহাররঞ্জন দাসসহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত তথ্য ও উপস্থাপনা পরিদর্শন করেন।
প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে আসা পরিবর্তনের চিত্রও প্রদর্শিত হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দেশের উন্নয়ন ও কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।



