বরাক তরঙ্গ, ৩১ মে : আগামী ৫ জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে এবং সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে।
বর্তমানে মুখ্যমন্ত্রীসহ মোট ৫ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছে। রাজনৈতিক মহলের জল্পনা অনুযায়ী, আগামী ৫ জুন আরও ১০ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হতে পারে। তবে সম্ভাব্য এই তালিকায় অসম গণ পরিষদ (এজিপি) এবং বোদোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর বিধায়কদের অন্তর্ভুক্তির সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করা হচ্ছে।
এদিকে, মন্ত্রিসভার অবশিষ্ট চারটি পদ পরবর্তী পর্যায়ে পূরণ করা হতে পারে বলে আলোচনা চলছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরও এক দফা মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসন্ন সম্প্রসারণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ও জল্পনা ক্রমশ বাড়ছে।



