বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : কোকরাঝাড় জেলার সীমান্তবর্তী শ’লমারী এলাকায় এক বিরল ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। ১০৮ নম্বর জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সের ভিতরেই এক প্রসূতি একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।
জানা গেছে, শ’লমারী এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসববেদনা শুরু হলে তাঁকে ১০৮ নম্বর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মীদের সহায়তায় চার সন্তানের জন্ম দেন তিনি। স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় জটিল এই প্রসব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
প্রসবের পর মা ও চার নবজাতককে উন্নত চিকিৎসা এবং বিশেষ পর্যবেক্ষণের জন্য কোকরাঝাড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (KMCH) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য বিভাগ আগেই মহিলার গর্ভধারণকে উচ্চ ঝুঁকিপূর্ণ (হাই-রিস্ক প্রেগন্যান্সি) হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রেখেছিল। সময়মতো ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া এবং স্বাস্থ্যকর্মীদের দ্রুত পদক্ষেপের ফলেই এই জটিল পরিস্থিতি সফলভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে।



