বিকশিত ভারতের স্বপ্নে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরা ও মূল্যবোধ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করলেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম। নতুন প্রজন্মকে নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত রেখে ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার শিলচরের টাউন হাইস্কুলে অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (VBYLD) ২০২৬-এর জোনাল স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মারিয়া তানিম বলেন, বিকশিত ভারতের আত্মা নিহিত রয়েছে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে। তাই এই ঐতিহ্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সকলের সম্মিলিত দায়িত্ব। তরুণদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার দুই শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। লোকনৃত্য, লোকসংগীত, পথনাটিকা, চিত্রাঙ্কন ও কবিতা রচনা—এই পাঁচটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন পরিবেশনা ও সৃজনশীল উপস্থাপনার মধ্য দিয়ে প্রতিযোগীরা বরাকের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সহকারী আয়ুক্ত মাসি টোপনো। তিনি VBYLD-এর উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথি ও বিচারকদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

অসম সরকারের নির্ধারিত নির্দেশিকা ও এসওপি মেনে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পরিচালিত হয়। বয়স সংক্রান্ত যোগ্যতাও যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক স্নেহাংশু শেখর রায়, শান্তনু সেনগুপ্ত ও শ্যামেন্দ্র কুমার দেব, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক জাহিদ হুসেন মজুমদার এবং পরিকল্পনা আধিকারিক সুব্রত নাথ।

বিচারকমণ্ডলীতে ছিলেন পণ্ডিত অমরেন্দ্র চক্রবর্তী, মধুমিতা ভট্টাচার্য, বিশ্বতোষ নাথ, সুপ্রতীক দত্ত রায়, সুব্রত ভট্টাচার্য ও নীলাঞ্জন পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *