৩১ মে : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে। অন্যথায় এর জন্য ‘পরিণতি’ ভোগ করতে হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ জানিয়েছে, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ কর্তৃত্বের সাথে হরমুজ প্রণালী পরিচালনা করছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, সমস্ত বাণিজ্যিক জাহাজ এবং জ্বালানি তেলবাহী ট্যাংকারকে কেবল নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। একই সাথে এই জলপথ দিয়ে যাওয়ার সময় ইরানের ‘ইসলামী বিপ্লবী গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর নৌবাহিনীর কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।
শুধু বাণিজ্যিক জাহাজই নয়, ওই অঞ্চলে অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, সমুদ্র ব্যবস্থাপনা বা জাহাজ চলাচলে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার তীব্র জবাব দেওয়া হবে।
বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে ইরানের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



