বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : জাতীয় সংহতি ও যুবসমাজের ক্ষমতায়নের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীন আসাম রাইফেলসের উদ্যোগে পরিচালিত ‘অপারেশন সদ্ভাবনা’ কর্মসূচির আওতায় ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলেন মণিপুরের জিরিবামের ১৬ জন ছাত্রছাত্রী।
গত ২৭ নভেম্বর পড়ুয়ারা রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান পরিদর্শন করেন। সেখানে সকালে বন্যপ্রাণী সাফারির মাধ্যমে তাঁরা ভারতের সমৃদ্ধ জীববৈচিত্র্য, বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগ এবং পরিবেশগত ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
এরপর তাঁদের সফর এগিয়ে যায় রাজস্থানের ঐতিহাসিক গোলাপি শহর জয়পুরে। ২৭ ও ২৮ নভেম্বর শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখেন তাঁরা। জয়পুরের বিখ্যাত হাওয়া মহল এবং ঐতিহাসিক দুর্গ পরিদর্শনের মাধ্যমে ভারতের গৌরবময় ইতিহাস, স্থাপত্যশৈলী ও রাজকীয় ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান পড়ুয়ারা।

পাশাপাশি, রাজস্থানের ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টিং শিল্পের সঙ্গেও তাঁদের পরিচয় করানো হয়। এর মাধ্যমে স্থানীয় হস্তশিল্প, শিল্পকলার ঐতিহ্য এবং রাজস্থানের সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন তাঁরা।
উল্লেখ্য, এই সফরের আগে পড়ুয়ারা দিল্লি ও আগ্রা পরিদর্শন করেন। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের এক বিশেষ সুযোগও লাভ করেন তাঁরা। দেশের বিভিন্ন প্রান্তের ভৌগোলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বন্ধন উপলব্ধি করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।

আসাম রাইফেলসের এই উদ্যোগের মূল লক্ষ্য হল পড়ুয়াদের জ্ঞানের পরিধি বিস্তৃত করা, জাতীয় সংহতির ভাবনাকে আরও সুদৃঢ় করা এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের মধ্যে গর্ববোধ জাগিয়ে তোলা।



