উধারবন্দ থেকে শুরু হল হাইকোর্ট বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান, ব্যাপক সাড়া

Spread the news

দাবির প্রতি পূর্ণ সমর্থন বিধায়ক রাজদীপ গোয়ালার

বরাক তরঙ্গ, ৩১ মে : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরদার করতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার উধারবন্দের শ্রীশ্রী কাঁচাকান্তি বিদ্যামন্দির প্রাঙ্গণে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আইনজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ছাত্র-যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এ দিন সচেতনতা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভায় উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী প্রসেনজিৎ দেব, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, আইনজীবী শান্তনু নায়েক, শিক্ষাবিদ বিভাশ দেব, আইনজীবী ধ্রুবকুমার সাহা, আইনজীবী ধর্মানন্দ দেব, কাঁচাকান্তি বিদ্যামন্দিরের ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষাবিদ হরিহর চক্রবর্তী, শিক্ষাবিদ সুমিত্রা ঘোষ, শিক্ষাবিদ কৌনিশ চক্রবর্তী, আইনজীবী সুমিতা পোদ্দার, আইনজীবী দেবোমিতা চক্রবর্তী, তুহিনা শর্মা, টিংকু বৈদ্য, রসরাজ দাসসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন কাঁচাকান্তি বিদ্যামন্দিরের ডাইরেক্টর হরিহর চক্রবর্তী। তিনি বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে সময়োপযোগী, ন্যায়সঙ্গত এবং জনস্বার্থসংশ্লিষ্ট দাবি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিচারপ্রাপ্তির অধিকার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বরাকবাসীর এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত।

পরবর্তীতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা কমিটির সভাপতি সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বরাক উপত্যকার প্রায় চল্লিশ লক্ষ মানুষের জন্য একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ আজ সময়ের দাবি। বিচার সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে শত শত কিলোমিটার দূরে গুয়াহাটি যেতে হয়, যার ফলে সময়, অর্থ এবং শ্রমের অপচয় ঘটে। অনেক ক্ষেত্রেই বিচারপ্রার্থীরা বাস্তব সমস্যার সম্মুখীন হন এবং ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবির প্রতি আন্তরিক ও পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, বরাকবাসীর এই দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আশ্বাস প্রদান করেন, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিনি তাঁর সামর্থ্য ও দায়িত্বের পরিসরের মধ্যে থেকে সর্বাত্মক সহযোগিতা ও সহায়তার হাত প্রসারিত করবেন। তিনি আরও বলেন, বরাক উপত্যকার জনগণের ন্যায্য দাবি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়া উচিত এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একদিন এই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে।

সভার অন্যতম আকর্ষণ ছিল আইনজীবী ধর্মানন্দ দেবের তথ্যসমৃদ্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তিনি ঐতিহাসিক তথ্য, সরকারি নথি ও বিচারব্যবস্থার বিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি ব্রিটিশ আমলে ফোর্ট উইলিয়াম কোর্টের প্রতিষ্ঠা, শিলংয়ে উচ্চ আদালতের কার্যক্রম, পরবর্তীকালে গৌহাটি হাইকোর্টের প্রতিষ্ঠা এবং উত্তর-পূর্ব ভারতের বিচারব্যবস্থার বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও বলেন, বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান, বিপুল জনসংখ্যা, মামলার সংখ্যা এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনা করলে এখানে একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চলে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠিত হলেও বরাক উপত্যকার দীর্ঘদিনের এই ন্যায়সঙ্গত দাবি এখনও বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, এটি কোনও রাজনৈতিক দাবি নয়; বরং বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি গণমুখী ও জনস্বার্থমূলক দাবি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী দেবোমিতা চক্রবর্তী। সভার শেষে ধন্যবাদজ্ঞাপন করেন শিক্ষাবিদ কৌনিশ চক্রবর্তী। তিনি উপস্থিত সকল অতিথি, বক্তা, গণ্যমান্য ব্যক্তি এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর মন্দির প্রাঙ্গণে গণস্বাক্ষর অভিযান শুরু হয়। কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবির সমর্থনে স্বাক্ষর করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন পাঁচ শতাধিক মানুষ গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করে তাঁদের সমর্থন জ্ঞাপন করেছেন। বিপুল জনসমাগম এবং গণস্বাক্ষর অভিযানে মানুষের উৎসাহ আন্দোলনের প্রতি জনসমর্থনের একটি সুস্পষ্ট প্রতিফলন বলে তাঁরা মন্তব্য করেন।

উল্লেখ্য, সমগ্র কর্মসূচির আহ্বায়কের দায়িত্বে ছিলেন অংশুমান দত্ত, সোমনাথ দেব, কৌনিশ চক্রবর্তী এবং হরিহর চক্রবর্তী। তাঁদের পরিকল্পনা, সমন্বয় এবং নিরলস প্রচেষ্টায় সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে আগামী দিনগুলিতেও ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। সেই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুন ২০২৬, শনিবার, দুপুর ২টায় বদরপুর এনসি কলেজ প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সমাজকর্মী, ছাত্র-যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন।

আয়োজকরা বরাকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে, ন্যায়সঙ্গত এই গণদাবিকে সফল করতে এবং বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার আন্দোলনকে আরও শক্তিশালী করতে আগামী কর্মসূচিগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। কমিটির নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, গণসমর্থন এবং ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে একদিন এই দীর্ঘদিনের দাবি অবশ্যই বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *