বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : আগামীকাল, ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ (MAC) এবং সোনোয়াল কছারি স্বায়ত্তশাসিত পরিষদ (SKAC) নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ধেমাজি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে রবিবার সকাল থেকেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন প্রিসাইডিং ও পোলিং আধিকারিকরা।
অন্যদিকে, জেলায় SKAC-এর মোট পাঁচটি নির্বাচনী সমষ্টি রয়েছে। এর মধ্যে ২৮ নম্বর গোগামুখ (এসটি) এবং ৩২ নম্বর জোনাই (এসটি) সমষ্টিতে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই আগামীকাল বাকি তিনটি সমষ্টিতে ভোটগ্রহণ হবে। এই তিনটি সমষ্টিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটার সংখ্যার পরিসংখ্যান অনুযায়ী, ধেমাজি জেলায় MAC নির্বাচনে মোট ২ লক্ষ ১১ হাজার ১৪৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ৪২৩ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬ হাজার ৭২০ জন। তাঁদের জন্য ৩২৬টি ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, SKAC নির্বাচনে ২৭টি ভোটকেন্দ্রে মোট ১৫ হাজার ১৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৪৮ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৭৪১ জন।

উল্লেখ্য, নির্বাচনী প্রচার ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। এদিকে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ধেমাজির জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রাহুল সুরেশ জাভিরে MAC ও SKAC নির্বাচনের সমস্ত ভোটারকে নির্ভয়ে এবং স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ধেমাজি জেলায় প্রায় ২ হাজার আধিকারিক ও কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং আধিকারিক ও তিনজন পোলিং কর্মীসহ মোট চারজন নির্বাচনী কর্মী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন দুজন করে পুলিশকর্মী। জেলায় MAC নির্বাচনের জন্য ৩২৬টি এবং SKAC নির্বাচনের জন্য ২৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।



