লাহরিঘাটে চোরের উপদ্রব বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্রে ফের চুরি

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মে : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত কাঠনি চর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফের চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে চোরের দল কেন্দ্রটিতে বহু মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা কেন্দ্রটিকে সহজ টার্গেট করেই চুরি কার্য সংগঠিত করে। রাতের অন্ধকারে কেন্দ্রের মধ্যে ঢুকে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম ইনভার্টার, স্টেবিলাইজার, জলের কল এবং হাসপাতালের ইলেকট্রনিক যন্ত্রপাতির পাশাপাশি অন্যান্য  প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও এই স্বাস্থ্যকেন্দ্রে অন্তত দু’বার বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় এলাকাবাসী ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই ঘটনা সম্পর্কে কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক লাহরিঘাট সমজেলা কমিশনার, জেলা যুগ্ম স্বাস্থ্য পরিচালক, লাহরিঘাট মহকুমা স্বাস্থ্য আধিকারিক এবং লাহরিঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে স্থানীয় জনতা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা প্রকাশ করে , স্বাস্থ্যকেন্দ্রে বারবার চুরি হওয়ায় গরিব ও অসহায় রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *