ধর্মনগরে বামপন্থী পাঁচ গণসংগঠনের যৌথ বিক্ষোভ মিছিল

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের আহ্বানে ‘জাতীয় দাবি দিবস’ পালন উপলক্ষে মঙ্গলবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বামপন্থী পাঁচটি গণসংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এদিন সকাল থেকেই ধর্মনগর মহকুমা শহরের রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে ওঠে। দুপুর গড়ানোর আগেই সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তর প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন গণসংগঠনের সদস্যরা। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, গণতান্ত্রিক নারী সমিতি, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন এবং উপজাতি গণমুক্তি পরিষদের নেতা-কর্মীরা হাতে ব্যানার, পতাকা ও দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন।

দুপুর প্রায় ১২টা নাগাদ স্লোগানে মুখরিত পরিবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা শুরু করে। মিছিল চলাকালীন শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড ও বিধি বাতিল, এনজিএনরেগা প্রকল্প পুনরায় চালু, ২০০ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত করা, মূল্যবৃদ্ধি রোধ এবং সাম্প্রতিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জোরালো স্লোগান তোলা হয়।

মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত ভগৎ সিং কর্নারে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ শ্রমিক ও কৃষকরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের নয়া শ্রমনীতি শ্রমিকদের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, এনজিএনরেগা প্রকল্প কার্যকরভাবে চালু না থাকায় গ্রামীণ এলাকার গরিব মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ বলেন, “দেশজুড়ে শ্রমিক-কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।”

পথসভায় সিআইটিইউ রাজ্য সহ-সভাপতি অমিতাভ দত্ত কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও শ্রম কোডের কড়া সমালোচনা করে বলেন,
“সমগ্র ভারতে শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছে। কিন্তু রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সেই আন্দোলন দমনের চেষ্টা চলছে। শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করতে হবে, এনজিএনরেগা প্রকল্প পুনরায় চালু করতে হবে এবং ২০০ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সরকারি আর্থিক সহায়তা প্রদান করতে হবে।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক শশাঙ্ক মজুমদার, মহকুমা সম্পাদক প্রদ্যুৎ শর্মা, সিআইটিইউ ধর্মনগর মহকুমা সভাপতি নিরঞ্জন দেবনাথ, সম্পাদক জহরুল হক, উপজাতি গণমুক্তি পরিষদের মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা, গণতান্ত্রিক নারী সমিতির মহকুমা সম্পাদক বিজিতা নাথ, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মহকুমা সম্পাদক অনুকুল দাস এবং জেলা সম্পাদক দুর্গেশ রায় সহ বহু গণসংগঠনের নেতা-কর্মীরা।
সমগ্র কর্মসূচি জুড়ে ধর্মনগর শহরে প্রতিবাদী আবহ সৃষ্টি হয়। বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক-কৃষক-খেতমজুরসহ সাধারণ মানুষের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *