বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ জুন : বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সুবক্তা এবং অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মওলানা জমির উদ্দিন লস্কর (বোয়ালজুরী) আর নেই। রবিবার রাত সাড়ে ৮ টা নাগাদ সোনাইয়ের কাজিডহর তৃতীয় খণ্ডের বোয়ালজুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধ রেখে গেছেন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
মওলানা জমির উদ্দিন ধর্মীয় উচ্চশিক্ষা অর্জনের পর তিনি নিজেকে দ্বীনি খেদমতে নিয়োজিত করেন। তরুণ বয়স থেকেই তাঁর সুমধুর কণ্ঠ ও প্রাঞ্জল বক্তব্য ওয়াজ মহফিলের শ্রোতাদের মুগ্ধ করত। একজন জনপ্রিয় বক্তার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ লেখক ও সম্পাদক। তাঁর সম্পাদনায় একাধিক ধর্মীয় গ্রন্থ প্রকাশিত হয়েছে। মওলানা জমির উদ্দিন লস্কর বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। কাজিডহর বালিকা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। সম্প্রতি তাঁর নামাঙ্কিত একটি আধুনিক মাদ্রাসার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।
উত্তর-পূর্বাঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। একসময় সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর মৃত্যুর আগ পর্যন্ত প্রদেশ সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি নকশবন্দী মুজাদ্দেদি তরিকার একজন বিশিষ্ট সুফিও ছিলেন এবং রামপুরের প্রখ্যাত আলেম ও সুফি মাওলানা মকসুদ আহমদ খানের খলিফা হিসেবে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ তাঁর কাছে বায়াত গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মওলানা সারিমুল হক লস্কর, প্রাক্তন সভাপতি মওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানি, সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া-সহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাঁর প্রয়াণে বরাক উপত্যকা এক প্রজ্ঞাবান আলেম, সংগঠক ও সমাজসেবককে হারালো।
সোমবার বেলা দুইটার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে



