২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক সহ বার্ষিক পরীক্ষায় কৃতী বিদ্যার্থীর সংবর্ধনা সরস্বতী বিদ্যানিকেতনের

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক সহ অঙ্কুর থেকে নবম শ্রেণীর কৃতী বিদ্যার্থীর সংবর্ধনা জ্ঞাপন করলো সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করে কৃতীদের সম্মাননা প্রদান করা হয়। প্রসঙ্গত, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ এবং বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় অঙ্কুর থেকে নবম শ্রেণীর প্রথম স্থানাধিকারী সহ সর্বোচ্চ উপস্থিতি থাকা বিদ্যার্থীদের এদিন সম্মাননা প্রদান করা হয়।

এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যাভারতীর পূর্বোত্তর ক্ষেত্রের শিশুবাটিকার প্রমুখ আনন্দ সূত্রধর। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সভাপতি নীহারেন্দু ধর, শিক্ষাবিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সহ-সভাপতি তথা সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচর বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অপূর্বকুমার নাথ, সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচর বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুষীম চন্দ্র নাথ, মার্গদর্শক নীরোদচন্দ্র কর্মকার, সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরের প্রধান আচার্যা সঙ্গীতা রায় চৌধুরী, মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্যা অঙ্কিতা দেবরায় সহ সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরের আচার্যা-আচার্যগণ প্রমুখ।

এদিন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট ১৯ জন বিদ্যার্থী এবং বার্ষিক পরীক্ষায় অঙ্কুর থেকে নবম শ্রেণীর প্রথম স্থান অর্জন করা ১২ বিদ্যার্থী সহ উক্ত শ্রেণিগুলিতে একই বছরে সর্বোচ্চ উপস্থিতি থাকা আরো ১২ জন বিদ্যার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরম্পরাগত বন্দনা পরিবেশন করার পর ভারতমাতা, ওঙ্কার এবং দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পন করেন বিশিষ্টজনেরা। এরপর বিদ্যালয়ের সঙ্গীত আচার্য্যা জয়ন্তী চৌধুরীর নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আচার্যা মৌসুমী দেবরায়, মৌ দেব, লাকি রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বিশিষ্টজনেরা বিদ্যার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করার পাশাপাশি পড়াশুনা জীবনে চলার পথে এক বিশাল জিয়নকাঠি যে, এনিয়ে মত ব্যক্ত করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আচার্য্যা মৌ দেব এবং গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন আচার্য্যা মৌসুমী দেবরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *