১২ মে-র শপথগ্রহণের ঐতিহাসিক অনুষ্ঠানে কারা থাকবেন, জানালেন রাজ্য বিজেপি সভাপতি

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মে : বিরোধীদের কার্যত ধরাশায়ী করে ঐতিহাসিক জয় অর্জন করা বিজেপি তৃতীয়বারের জন্য রাজ্যের শাসনভার গ্রহণ করতে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  নতুন সরকার গঠনের আগে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ১২ মে দুপুরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তৃতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করবে। এই উপলক্ষে গুয়াহাটির খানাপাড়া বিশাল আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নবনির্বাচিত বিধায়ক পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বরুয়া, কৌচিক রায়, বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দিলীপ শইকীয়া জানান, “এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় সরকারের একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিজেপি ও এনডিএ-র বুথ সভাপতি থেকে শুরু করে দলের অসংখ্য কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা।” তিনি আরও জানান, “১২ মে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী মোদী বরঝার বিমানবন্দরে পৌঁছে নরেঙ্গির হেলিপ্যাডে যাবেন। সেখান থেকে সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে ১০ মে বিজেপি বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর এনডিএ বিধায়ক দলের বৈঠকও হবে। বিজেপির রাজ্য কার্যালয়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি নিয়েই আজকের বৈঠক হয়েছে। সেদিন খানাপাড়ার মাঠে লক্ষাধিক মানুষের সমাগম হবে।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সহ-পর্যবেক্ষক হিসেবে নয়াব সিং সাইনিকে দায়িত্ব দেওয়া হয়েছে।” দিলীপ শইকিয়া বলেন, “১০ মে তাঁরা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন এবং বিধায়ক দলের নেতা নির্বাচন করবেন। আমাদের আশা অনুযায়ী এনডিএ-র নেতা নির্বাচিত হবেন। এরপর ১২ মে এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের শুভ সূচনা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রতিষ্ঠাকাল থেকেই বিজেপি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিন্তু আমাদের সংকল্প ও লক্ষ্য পূরণের জন্য হাজার হাজার কর্মী তাঁদের জীবন-যৌবন উৎসর্গ করেছেন আই অসম ও মা ভারতীর সেবায়। কর্মীদের কঠোর পরিশ্রম এবং অসমবাসীর নির্ণায়ক সমর্থন এবারের নির্বাচনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আমরা আমাদের সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। রাজ্যের খিলঞ্জিয়া ও সনাতনী মানুষ বিজেপি ও এনডিএ-কে বিপুল আশীর্বাদ দিয়েছেন। প্রতিটি ভোটারকে কৃতজ্ঞতা জানাই। যারা এবার আমাদের ভোট দেননি, তাঁদেরও ধন্যবাদ। আজ না দিলেও কাল দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *