বরাক তরঙ্গ, ৩ মে : গুয়াহাটিতে চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এল। নিজের গাড়ি চুরির ভুয়া অভিযোগ করে শেষ পর্যন্ত সেই গাড়ি চালানোর সময়ই পুলিশের জালে ধরা পড়লেন পিঙ্কু মুদই।
জানা যায়, অভিযুক্ত সম্প্রতি বশিষ্ঠ থানায় একটি মিথ্যা এফআইআর দায়ের করে দাবি করেছিলেন, তার কিয়া গাড়িটি চুরি হয়ে গেছে। কিন্তু তদন্ত চলাকালীন ভিআইপি রোডে একই গাড়ি চালাতে দেখে তাকে আটক করা হয়। গাড়িটির প্রকৃত নম্বর (AS01SC7105) গোপন রাখতে তাতে জাল নম্বর প্লেট (AS01GF 0949) ব্যবহার করা হয়েছিল।
তদন্তে আরও জানা গেছে, গাড়ির ঋণের টাকা পরিশোধ এড়াতেই তিনি এই ভুয়া চুরির নাটক সাজিয়েছিলেন। আর্থিক দায়িত্ব থেকে বাঁচতে গাড়িটি ব্যবহার করার কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঘটনায় প্রতারণা ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



