বরাক তরঙ্গ, ৩ মে : লামডিংয়ে এক চাঞ্চল্যকর ঘটনায় আরপিএসএফ (RPSF) কলোনি থেকে রহস্যজনক অবস্থায় এক জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। রেলওয়ে কোয়ার্টার নম্বর ৭৮২/এ থেকে দেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। মৃত জওয়ানের নাম নাহার সিং মীনা (৩৩)। তিনি আরপিএসএফের প্রথম ব্যাটালিয়নের একজন কনস্টেবল ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূত্রে বর্তমানে তিনি লামডিংয়ে একাই বসবাস করছিলেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান কিছুদিন আগে নিজ রাজ্য রাজস্থানে ফিরে গিয়েছিলেন।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। বর্তমানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার, লামডিং থানার ওসি এবং ফরেনসিক টিমের সদস্যরা।প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তদন্তকারী দল পুরো ঘটনার খুঁটিনাটি খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



