ট্র্যাক্টর দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত দুই কিশোর

Spread the news

বরাক তরঙ্গ, ৩ মে : মিজোরামে এক মর্মান্তিক ট্র্যাক্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক এবং আহত হয়েছে দুই কিশোর। মৃত যুবকের নাম লালসাংলিয়ানা (২৩), তিনি হমুনহমেলথা এলাকার বাসিন্দা। শনিবার বিকেল প্রায় ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালসাংলিয়ানা দুই কিশোরকে সঙ্গে নিয়ে নতুন ট্র্যাক্টর চালিয়ে নগাইজাওল ও হমুনহমেলথার মাঝামাঝি ভাওংজাওল এলাকায় যাচ্ছিলেন। ফেরার পথে গ্রামে ঢোকার আগেই ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ১০ মিটার নিচে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই লালসাংলিয়ানার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত দুই কিশোরের মধ্যে সি লালহুনরুয়াতা (১১) নামে এক জনের কোমরের বাম দিকের হাড় ভেঙে যায় এবং ডান দিকেও আঘাত লাগে। অপর কিশোর লালরেমরুয়াতা (১৫) রাস্তার পাশে ছিটকে পড়ে চোখে আঘাত পায়।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য চাম্পাইয়ের দিকে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত লালহুনরুয়াতাকে পরে আইজলে স্থানান্তর করা হয়। অপর কিশোরকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *