মিজোরাম-মণিপুর সীমান্তে বিপুল পরিমাণ হেরোইন, আগ্নেয়াস্ত্রসহ ৯ জন আটক

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুন : মিজোরাম ও মণিপুর সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, একটি এম-৪ কারবাইন রাইফেল ও গুলিসহ ৯ জনকে আটক করেছে সেন্ট্রাল ইয়াং মিজো অ্যাসোসিয়েশন (YMA)-এর অধীনস্থ সেন্ট্রাল অ্যান্টি ড্রাগস স্কোয়াড (CADS), আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ এবং ৩৪তম আসাম রাইফেলস।

সূত্রের খবর, মণিপুর থেকে বিপুল পরিমাণ হেরোইন (নং-৪) মিজোরামে পাচারের পরিকল্পনার গোপন তথ্য পেয়ে CADS একটি বিশেষ অভিযান শুরু করে। পাচারকারীরা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং সশস্ত্র অবস্থায় থাকতে পারে বলে আগাম তথ্য থাকায় আসাম রাইফেলসকে অভিযানে যুক্ত করা হয়। পাশাপাশি গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগও অংশ নেয়।

১১ জুন বিকেল ৩টায় সেন্ট্রাল YMA কার্যালয়ে বৈঠকের পর যৌথ দলটি তুইভাই লেই (ইউনিটি ব্রিজ) অভিমুখে রওনা হয়। সেখানে পৌঁছানোর আগেই CADS ও আসাম রাইফেলসের অগ্রবর্তী দল একটি সন্দেহভাজন গাড়িকে নজরদারিতে রাখে। পরে রাস্তার দু’টি স্থানে একটি বোলেরো ও একটি বোলেরো ক্যাম্পার গাড়ি অবস্থান করতে দেখা যায়।

অভিযানকারী দল দ্রুত ঘেরাও করে বোলেরো ক্যাম্পার থেকে ৬১টি হেরোইনের প্যাকেট, একটি এম-৪ কারবাইন রাইফেল, ৯ রাউন্ড গুলি এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করে। অন্যদিকে, আরেকটি গাড়িতে থাকা ব্যক্তিদেরও ঘেরাও করা হয়। তবে অভিযানের সময় একজন পাচারকারী আরও একটি অস্ত্র ও ৬৯টি হেরোইনের প্যাকেট নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধাওয়া করা হলেও সে মণিপুর সীমান্তে পালিয়ে যায় এবং সশস্ত্র প্রতিরোধের আশঙ্কায় নিরাপত্তা বাহিনী অভিযান স্থগিত করে।

অভিযানটি সফলভাবে সম্পন্ন হলেও ধৃতদের মধ্যে কয়েকজন প্রথমে নিজেদের এইচপিসি (HPC)-এর দায়িত্বে নিয়োজিত বলে দাবি করে এবং তারা মাদক সংগ্রহ করতে এসেছিল বলে জানায়। পরে তদন্তে জানা যায়, তারা সবাই একই পাচারচক্রের সদস্য।
আটক ব্যক্তিরা হলেন— লালরামসিয়েম (৪৩), অ্যান্ড্রু (৩০), লালথ্লানকুং হমার (৪২), জন বার্নার্ড (৩৪), লালচুয়াইলো (৪৯), জোসেফ (১৯), লালনেইহলিম (১৮), লালরিনছান (৩৬) এবং লালমালসাওম (৩৭)। তারা সবাই মণিপুরের ফেরজাওল জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

আটকদের নিউ ভারভেক এলাকায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অস্ত্রবাহককে সাকাওরদাই থানার হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ৬১টি হেরোইনের প্যাকেট, আটজন অভিযুক্ত এবং তাদের ব্যবহৃত যানবাহন আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কার্যালয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *