নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহর আলিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল কোকরাঝাড় বিশেষ আদালত। শুক্রবার আদালতের বিচারপতি নূর জামাল হক এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুলাই কোকরাঝাড় সদর থানায় দায়ের হওয়া এক এজাহারে অভিযোগ করা হয়, কাঁঠালগুড়ি এলাকার গৌরাঙ্গ নদীর তীরবর্তী একটি পাটক্ষেতে অভিযুক্ত মোহর আলি সুযোগ বুঝে ১৫ বছর বয়সী এক নাবালিকাকে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচারের দাবিতে থানায় মামলা দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে কোকরাঝাড় সদর থানায় ৩৬২/২২ নম্বর মামলা রুজু করে পুলিশ। পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(৩) ধারায় তদন্ত শুরু হয়। পরে মামলাটি বিশেষ আদালতে বিচারাধীন হয়।

দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য বিচার করে বৃহস্পতিবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *