এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানসিটি

Spread the news

১৬ মে : ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের আশা জিইয়ে রাখল Manchester City। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এফএ কাপ ফাইনালে Chelsea-কে ১-০ গোলে পরাজিত করে মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার দল। এর আগে চলতি মৌসুমে লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। এফএ কাপ জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে দ্বিতীয় শিরোপা নিশ্চিত করল তারা। এখন তাদের নজর Premier League শিরোপায়। আর্সেনালের সঙ্গে শিরোপার লড়াইয়ে এখনও টিকে আছে সিটিজেনরা। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। শেষ দুই ম্যাচে জয় পেলেই হবে না, পাশাপাশি আর্সেনালের হোঁচটের দিকেও তাকিয়ে থাকতে হবে গার্দিওলার শিষ্যদের।

গত দুই এফএ কাপ ফাইনালে Manchester United ও Crystal Palace-এর কাছে হার মানতে হয়েছিল ম্যানসিটিকে। তবে এবার অষ্টমবারের মতো এফএ কাপ নিজেদের করে নিল তারা। ক্লাবটির কোচ হিসেবে Pep Guardiola জিতলেন ২০তম শিরোপা এবং এফএ কাপে এটি তার তৃতীয় সাফল্য।

ম্যাচের শুরু থেকেই শক্ত রক্ষণে ম্যানসিটিকে আটকে রাখে চেলসি। ২৭ মিনিটে Erling Haaland বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। বিরতির ঠিক আগে হালান্ডের আরেকটি জোরালো প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।

অবশেষে ম্যাচের ৭২ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। Bernardo Silva-র পাস থেকে বল পান হালান্ড। ডানদিক থেকে এগিয়ে এসে তিনি বল বাড়ান Antoine Semenyo-কে। চেলসি ডিফেন্ডার Levi Colwill-কে কাটিয়ে দারুণ কোনাকুনি শটে রবার্ট সানচেজকে পরাস্ত করেন ঘানাইয়ান ফরোয়ার্ড। গোল হজমের পাঁচ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল চেলসি। তবে ছয় গজ বক্সের ভেতর থেকে Enzo Fernández-এর শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত সেই এক গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

এবার ম্যানসিটির পুরো মনোযোগ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে। মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে তারা। লিগ শিরোপা জিততে পারুক বা না পারুক, সম্ভাব্য বিদায়ী মৌসুমে অন্তত দুটি ট্রফি নিশ্চিত করেই মৌসুম শেষ করবেন গার্দিওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *