করিমগঞ্জ কলেজে বিশেষ বক্তৃতানুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সম্প্রতি করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বক্তৃতানুষ্ঠান। ‘চলচ্চিত্রে সাহিত্যের নবনির্মাণ’ বিষয়ে কলেজের অইকিউএসি-র তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুমন গুণ। অধ্যাপক গুণ তাঁর দীর্ঘ বক্তৃতায় সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তাঁর আলোচনায় তিনি পৃথিবীর বিভিন্ন ভাষার চলচ্চিত্রের উদাহরণ উল্লেখ করে বুঝিয়েছেন, সাহিত্য আর চলচ্চিত্রের ভাষা আলাদা। সাহিত্য থেকে ঋণ গ্রহণ করেও চলচ্চিত্র তার নিজস্ব ভাষায় কথা বলে। সেই জন্যেই মূল উপন্যাসের অনেক বিষয় সেই উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্রে অনুপস্থিত থাকে। পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার — সত্যজিৎ রায় পরিচালিত এই তিনটি চলচ্চিত্র সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রজতশুভ্র পাল। স্বাগত ভাষণ দেন বাংলা বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন। বিভাগের অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যোগদানে অনুষ্ঠানটি সবদিক থেকে সার্থক হয়ে ওঠে।



