কেএসও-র ডাকা বনধে স্তব্ধ মণিপুরের কাঙপোকপি জেলা

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : ‘কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন’ (কেএসও)-এর ডাকা ৪৮ ঘণ্টার বনধে কার্যত অচল হয়ে পড়েছে মণিপুরের কাঙপোকপি জেলা। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই বনধে সমর্থন জানিয়েছে কুকি ইনপি মণিপুর।

১৪ জন কুকি সাধারণ নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বনধের জেরে জেলার সমস্ত স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক কেন্দ্র এবং যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

কেএসও নেতারা অভিযোগ করেন, সাধারণ নাগরিকদের গ্রেফতার করা সরকারের “বর্বরোচিত পদক্ষেপ” এবং এটি মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। সংগঠনের সদর হিলস শাখা জানিয়েছে, বনধ শান্তিপূর্ণভাবে কার্যকর করতে জেলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি বনধ অমান্য করলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি। বনধ চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সংগঠন নেবে না বলেও জানানো হয়েছে।

এছাড়াও কুকি সম্প্রদায়ভুক্ত অবশিষ্ট জিম্মিদের অবিলম্বে, নিরাপদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে কুকি ইনপি মণিপুরের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে কুকি ছাত্র সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *